বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর শ্যামপুর কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দাঁড়িয়াল ইউনিয়নের সুবর্ণা (১৪), হাফসা আক্তার (১৪) ও নাদিয়া আক্তার (১৪) বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরবর্তীতে বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেনের দিকনির্দেশনায় এসআই নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান পরিচালনা করে তিন ছাত্রীকে উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করে বাকেরগঞ্জে আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এআইএল/সকালবেলা