আশুগঞ্জে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
আশুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাসুদ আলম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাসেল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে থাকা ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা রুহুল আমিন নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা