টাকা ফেরতের শর্তে বিতর্কিত অধ্যক্ষকে পুনর্বহালের সিদ্ধান্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
টাকা ফেরতের শর্তে বিতর্কিত অধ্যক্ষকে পুনর্বহালের সিদ্ধান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি: আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত হওয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদিরকে পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানের এডহক কমিটি। প্রতিষ্ঠানের আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার শর্তে তাঁকে পদে ফেরানোর এই সিদ্ধান্ত নেওয়া হলেও, বিষয়টিকে ধামাচাপা দিতে কমিটির সভাপতি পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় কার্যালয়ে এডহক কমিটির সভাপতি ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিন শর্তে আব্দুল কাদিরকে পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়।

গৃহীত শর্তসমূহ হলো— ১. তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত আত্মসাৎ করা টাকা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা প্রদান করতে হবে, ২. সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক গঠিত তদন্ত কমিটির অডিট পর্যালোচনায় অতিরিক্ত অর্থ দাবি করা হলে, তা বিনা বাক্যে পরিশোধ করতে হবে এবং ৩. ব্যাংকে টাকা জমার রসিদ সভাপতির নিকট দাখিল করার পরই কেবল পুনর্বহালের পত্র প্রদান করা হবে।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর আব্দুল কাদিরের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে তৎকালীন উপজেলা প্রশাসনের তদন্তে ২৯ লাখ টাকার কোনো হিসাব পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করে সিলেট শিক্ষাবোর্ডে স্থায়ী বরখাস্তের সুপারিশ পাঠানো হয়েছিল।

তবে অর্থ আত্মসাতের প্রমাণ মেলার পরও আইনি ব্যবস্থা না নিয়ে শর্তসাপেক্ষে পুনর্বহালের এই সিদ্ধান্তকে দুর্নীতির সাথে আপস হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী জানান, বিষয়টির বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন