সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে বালুবাহী নৌকা চালানোর সময় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া ভোরে নিজ বাড়ি থেকে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মাটিয়ান হাওরে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। নৌকার অন্য মাঝিমাল্লারা তাঁকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পরিদর্শনে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন