শরীয়তপুরে নৌ-পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
শরীয়তপুরে নৌ-পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

আবুল বাশার, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় নৌ-পুলিশের গণহারে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী জেলেরা। 

শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার দুলারচর লঞ্চঘাটে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলেদের অভিযোগ, চাঁদপুর জেলার মোহনপুর ও চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা শরীয়তপুর সীমান্তে ঢুকে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে।

স্থানীয় জেলেদের দাবি, কাঁচিকাটা, দুলারচর এবং সুরেশ্বর এলাকায় তারা মাছ ধরতে গেলেই নৌ-পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন। প্রতিটি নৌকা বা ট্রলার প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। দাবিকৃত টাকা দিতে না পারলে জেলেদের ধরে নিয়ে মামলা দেওয়া হচ্ছে। এই চাঁদাবাজির কারণে বর্তমানে শত শত জেলে নৌকা তীরে রেখে অলস বসে আছেন, যার ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

বিক্ষোভ সমাবেশে সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার আলম বলেন, চাঁদপুরের নৌ-পুলিশ শরীয়তপুর অঞ্চলে এসে টোকেন বাণিজ্য ও গণচাঁদাবাজি করছে। চাঁদা না দিলেই মোটা অঙ্কের মামলার ভয় দেখানো হচ্ছে। ভুক্তভোগী জেলে কবির হোসেন ও মানিক মাঝি জানান, নৌ-পুলিশের এই দৌরাত্ম্যে তারা পদ্মায় নামতে ভয় পাচ্ছেন।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে চাঁদপুর জেলার নৌ-পুলিশ সুপার সকল অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি জানান, যদি কোনো নির্দিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা