মণিরামপুরে আধুনিক খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন
আব্দুল্লাহ আল মামুন, যশোর: “আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে ‘আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট-এর উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় মণিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় শতাধিক দুগ্ধ খামারি ও কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এতে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রযুক্তিনির্ভর খামার পরিচালনা ও লাভজনক বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কে খামারিদের বাস্তবমুখী ধারণা প্রদান করা হয়।
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট-এর এরিয়া ম্যানেজার মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। তিনি বলেন, “আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া লাভজনক ডেইরি খামার গড়ে তোলা সম্ভব নয়। খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান এবং উন্নত জাতের গবাদিপশু নির্বাচন নিশ্চিত করা গেলে দেশের দুগ্ধ শিল্প আরও সমৃদ্ধ হবে।”
আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ আবু সাঈদ, ডা. মোঃ মাশুক শাহরিয়ার এবং ডা. জেড.এম. হাসিব-উল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে এবং দেশের পুষ্টি চাহিদা পূরণে ডেইরি খাতের নতুন সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান।
এ.আই.এল/সকালবেলা