কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জমিতে সার ছিটিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন (তোফাজ্জল) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তেফাজ্জেল আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বর্গা নেওয়া ধানি জমিতে সার প্রদান শেষে বাড়ি ফিরছিলেন তেফাজ্জেল। পথে হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন