বেগমগঞ্জে ড্রামের পানিতে ফেলে নবজাতক হত্যা, গ্রেপ্তার মা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
বেগমগঞ্জে ড্রামের পানিতে ফেলে নবজাতক হত্যা, গ্রেপ্তার মা

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে ১৪ দিন বয়সী এক নবজাতক সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত শিশুর বাবা সৌরভ হোসেন বাদী হয়ে স্ত্রী ফাতেমা বেগমকে (১৯) একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভ হোসেনের বসতঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর নবজাতকটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তার মা ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ফাতেমা প্রথমে দাবি করেন, অজ্ঞাত ব্যক্তিরা তাঁকেই আঘাত করে শিশুটিকে ছিনিয়ে নিয়ে গেছে; পরবর্তীতে দাবি করেন ‘জিনে’ নিয়ে গেছে। তাঁর এলোমেলো বক্তব্যে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ঘর ও আশপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরের ভেতরে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে প্রেমের সম্পর্কের পর সৌরভ ও ফাতেমার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহ চলছিল।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাতেমা বেগম সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করত এবং রাতে ঘুমাতে দিত না—এমন অজুহাতে শিশুটিকে ড্রামের পানিতে ফেলে মুখ বন্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, নিহত শিশুর বাবা বাদী হয়ে হত্যা মামলা করার পর আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন