গাজীপুরে বিডিআরএমজিপি’র লিডারশিপ লার্নিং সামিট অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
গাজীপুরে বিডিআরএমজিপি’র লিডারশিপ লার্নিং সামিট অনুষ্ঠিত

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের পিঙ্গাইল এলাকার গ্রীনটেক রিসোর্টে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ‘লিডারশিপ লার্নিং সামিট অ্যান্ড ফ্যামিলি গেট-টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানার উর্ধ্বতন কর্মকর্তা, শিল্প বিশেষজ্ঞরা পরিবারসহ অংশ নেন। জিসএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজের প্রশাসন বিভাগের এজিএম সজিবুল ইসলামের সঞ্চালনায় এতে পোশাক খাতের নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের ওপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাসটেইনেবল বিজনেস সলিউশনসের এমডি শাহেদুজ্জামান রবিন, আরএসসি বিশেষজ্ঞ ইয়াসমিন মল্লিক, ওয়ালটনের অতিরিক্ত পরিচালক মো. আল-আমীন, টিএম টেক্সটাইলের জিএম সৈয়দ শরিফুল আলম, ফেবিক্সার সিইও নাসির মাহমুদ পারভেজ ও পিডিসিএর চেয়ারম্যান মো. হাসানসহ অন্যান্য পেশাজীবীরা।

বক্তারা বলেন, তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক অগ্রযাত্রায় কর্মরত পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরণের সম্মেলন কর্মীদের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে।

দিনব্যাপী আলোচনার পাশাপাশি র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ৮টায় আয়োজনের সমাপ্তি ঘটে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন