চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ২, রেলক্রসিংয়ে বিক্ষোভ
বিশেষ: চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তার দাবি ও গেটম্যান নিয়োগের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে অটোরিকশাটি কাটগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গেটম্যান নিয়োগের দাবিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী 'প্রবাল এক্সপ্রেস' ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অরক্ষিত এই রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এআইএল/সকালবেলা