কটিয়াদীতে বন্ধুর সঙ্গে বিবাদের পর ইমামের লাশ উদ্ধার
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে হট্টগোলের ঘটনায় সোহান (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এর কিছু সময় পর শামীম (২৫) নামে অপর বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীম স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর-ঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে মসজিদসংলগ্ন একটি কক্ষ থেকে হট্টগোলের শব্দ শুনে কয়েকজন সেখানে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁর গলা ও শরীরে ক্ষতচিহ্ন ছিল। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর কিছু সময় পর শামীমের বাবা ফরিদ মিয়া ওই কক্ষে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শামীম একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং ওই মসজিদের ইমাম ছিলেন। আহত সোহান একই গ্রামের মৃত ছইদু মিয়ার ছেলে। তাঁরা দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলের আলামত দেখে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত সোহানের জবানবন্দি পাওয়া গেলে আসল তথ্য জানা যাবে।”
এআইএল/সকালবেলা