পীরগাছায় গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার ইটাকুমারী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পীরগাছা থানার এসআই মোঃ শাহজাহান কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার একটি কাঠের ফার্নিচারের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ এলাকার শ্রী রঞ্জন চন্দ্র (৪০) এবং যাদুলস্কর এলাকার মোঃ মাইনুদ্দিন (২৮)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফুলবাড়ী উপজেলার করুণা রায় (২৮) নামে আরও একজন কারবারি কৌশলে পালিয়ে যান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা