সড়ক দুর্ঘটনায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে মাওলানা জয়নাল আবেদীন (৩৫)। তিনি ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং স্থানীয় দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন। অপর নিহত ব্যক্তি হলেন একই মসজিদের মুয়াজ্জিন এবং একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে যাওয়ার পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, "ইমামদের সরকারি ভাতাসংক্রান্ত কাজে তারা আমার কাছে আসার পথেই এ দুর্ঘটনার শিকার হন। তাদের এই আকস্মিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন