বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
মাসুম বিল্লাহ, বাগেরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে বাগেরহাট জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, সকল জুলাই শহীদ পরিবারের সদস্যদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে।
জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের উপস্থিতিতে অনুষ্ঠানে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, এনসিপির জেলা সদস্য সচিব লাবিব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন সহ সরকারি কর্মকর্তা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বাদ জোহর বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এআইএল/সকালবেলা
|