ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
এবারই প্রথম রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের বিশেষ ঈদ উপহার পেলেন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর শহীদ আলী রায়হানসহ সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেন, সেই কর্মীদের মূল্যায়ন করতেই প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন। ইতিপূর্বে কখনোই এভাবে পরিচ্ছন্ন কর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী রাজশাহীকে একটি সুন্দর ও উন্নত তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব তাঁকে দিয়েছেন, তিনি তা বাস্তবায়নে কাজ করে যাবেন।
প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি চালু করেছেন, যা কৃষকদের ব্যাপক উপকারে আসবে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের মাধ্যমে সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। আগামী ৫ বছরে ৫ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিক সচিব সোহেল রানা এবং ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রথমবারের মতো এমন উপহার পেয়ে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়।
দীর্ঘদিনের কর্মী রাজিবুল ইসলাম, মরিয়ম ও সুমাইয়ারা জানান, ঈদের আগে এই আর্থিক সহায়তা তাঁদের দুশ্চিন্তা দূর করেছে এবং কাজে নতুন উদ্যম জুগিয়েছে। তাঁরা এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ