জেলা পরিষদের দায়িত্ব নিয়েই এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন মিজান

জেলা পরিষদের দায়িত্ব নিয়েই এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন মিজান

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান তাঁর রাজনৈতিক অভিভাবক, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে নতুন দায়িত্বের যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সদর উপজেলার বাহারমর্দন গ্রামে মরহুম নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সাথে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক আবেগঘন স্মৃতিচারণায় মিজানুর রহমান মিজান বলেন, “আমার রাজনীতির হাতেখড়ি এবং ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে পদার্পণ—সবই হয়েছিল জননেতা এম সাইফুর রহমান স্যারের হাত ধরে। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। আজ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতেই আমি আমার প্রিয় নেতার কবর জিয়ারত করতে এসেছি।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান মৌলভীবাজার ও সারা বাংলাদেশের উন্নয়নের যে রূপরেখা, তার কারিগর ছিলেন এম সাইফুর রহমান। তাঁর দেখানো পথেই জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত এই প্রশাসক।

এ সময় মিজানুর রহমান মিজান মরহুম এম সাইফুর রহমান এবং তাঁর সহধর্মিণী বেগম দুরে সামাদ রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “তৃণমূল থেকে আজ এই পর্যায়ে আসার পেছনে সাইফুর রহমান সাহেবের অবদান অনস্বীকার্য। আমি দেশবাসী ও মৌলভীবাজারবাসীর কাছে দোয়া চাই, যেন অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করতে পারি এবং জেলা পরিষদের মাধ্যমে মানুষের প্রকৃত চাহিদাগুলো বাস্তবায়ন করতে সক্ষম হই।” কবর জিয়ারতকালে উপস্থিত নেতারাও মরহুম নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জেলা পরিষদের নতুন প্রশাসকের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশি মিছবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিতসহ জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন