সীমান্ত বাণিজ্য চালুর পথে টেকনাফ

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
সীমান্ত বাণিজ্য চালুর পথে টেকনাফ

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পণ্যবাহী বোট আসার মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন মিয়ানমারের মংডু থেকে আসা একটি কাঠের বোট টেকনাফ বন্দরে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে।

বোট আগমনের খবর পেয়ে টেকনাফ-উখিয়া (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী জুমার নামাজ শেষে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। বন্দর সংশ্লিষ্টরা জানান, গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এই বন্দর পরিদর্শন করেছিলেন। দীর্ঘ অচলাবস্থার পর এই বোটটির আগমনকে বাণিজ্যের নতুন গতি হিসেবে দেখা হচ্ছে।

ব্যবসায়ী ও টেকনাফ পৌর কাউন্সিলর হাফেজ এনামুল হাসান জানান, বোটটি দুপুর ১টায় বন্দরে পৌঁছেছে। এটি তার ভাই মো. ওমর ফারুকের কাছে এসেছে। বন্দরের মাঝি শামসুল আলম জানান, দীর্ঘ এক বছরের বেশি সময় পর বোট আসায় শ্রমিকরা আবার কাজ পাওয়ার আশায় বুক বাঁধছেন। নিয়মিত নৌযান চলাচল শুরু হলে বন্দরটি আবারও সচল হয়ে উঠবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘ দেড় বছরের সংঘাতের কারণে প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। গত বছরের এপ্রিল থেকে কমিশন দাবি ও জান্তা সরকারের নিষেধাজ্ঞার কারণে সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। এতে শত শত আমদানিকারক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাংলাদেশ সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। সংশ্লিষ্টদের মতে, আজকের এই বোটের আগমন বাণিজ্যিক স্থবিরতা কাটানোর একটি ইতিবাচক ইঙ্গিত।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন