যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেটকর্মীর মৃত্যু
বিশেষ প্রতিনিধি: যশোরের শহরে বৈদ্যুতিক পোলে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক ইন্টারনেটকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ইমন খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর শহরের মুড়লী মোড় এলাকার ‘ই-লাইফ কমিউনিকেশন’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জেস্ট টাওয়ারের সামনে একটি বৈদ্যুতিক পোলে মই দিয়ে উঠে ইন্টারনেটের তার মেরামতের কাজ করছিলেন ইমন। এ সময় অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা