শ্রীপুরে গহিন জঙ্গলে মদের কারখানা, আটক ৩
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলের আড়ালে গড়ে ওঠা অবৈধ চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মদভর্তি ছয়টি ড্রাম জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকার একটি জঙ্গলঘেরা স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোসাইদ এলাকার নির্জন জঙ্গলঘেরা স্থানে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় চোলাই মদ তৈরি ও বেচাকেনা চলছিল। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থলে থাকা ৯টি ড্রামের মধ্যে মদভর্তি ৬টি ড্রাম জব্দ করা হয়। একই সময় মদ তৈরির হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশ।
অভিযানের বিষয়ে এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|