পুত্রবধূকে কোপাতে না পেরে স্ত্রীকে কুপিয়ে আত্মসমর্পণ
বিশেষ প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জেরে পুত্রবধূকে কোপাতে না পেরে বাধা দেওয়া স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। এতে গুরুতর আহত রওশন আরাকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় চাকরি হারান। এ নিয়ে পরিবারের ভেতরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে নুরুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে আঘাত করতে গেলে স্ত্রী রওশন আরা বাধা হয়ে দাঁড়ান। এতে ক্ষুব্ধ হয়ে নুরুল ইসলাম নিজের স্ত্রীকেই এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন এবং পরে বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
আহত নারীর ভাই জরিফ উদ্দিন অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জের ধরে তাঁর বোনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এতে তাঁর বোনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম সৃষ্টি হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আত্মসমর্পণকারী অভিযুক্ত নুরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা