দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি ও টেকসই সহায়তার অংশ হিসেবে মোট তিন মাসব্যাপী এই বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। যার ধারাবাহিকতায় তৃতীয় দফায় প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে হাওরাঞ্চলের সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে জরুরি ভিত্তিতে এই মানবিক বরাদ্দ অনুমোদন করা হয়।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, "বর্তমান জনবান্ধব সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বদা দাঁড়িয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে এই সহায়তা দেওয়া হচ্ছে।" তিনি জানান, পুরো দোয়ারাবাজার উপজেলায় মোট ১ হাজার ৪০ জন কৃষককে এই মানবিক সুবিধার আওতায় আনা হয়েছে।

দুর্যোগের এই কঠিন সময়ে সরকারের তরফ থেকে সহায়তা হাতে পেয়ে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা সরকার, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচির আওতায় কেবল সুরমা ইউনিয়নেরই ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এই সহায়তা বিতরণ সম্পন্ন হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন