কক্সবাজারে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা অনুমোদন
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: দেশে নতুন একটি সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘নিকার’-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ‘মাতামুহুরী’ উপজেলা অন্যতম।
চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে বদরখালী, ঢেমুশিয়া, কোণাখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা, বিএমচর ও সাহারবিল—এই সাতটি ইউনিয়ন নিয়ে নতুন মাতামুহুরী উপজেলা গঠিত হলো। নিকার-এর বৈঠকে মাতামুহুরী ছাড়াও বগুড়ার মোকামতলা, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।
বিএনপি সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই চকরিয়ার দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাতামুহুরী উপজেলা গঠন ও পেকুয়াকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ.আই.এল/সকালবেলা