গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ সংরক্ষণ আলোচনা সভা

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ সংরক্ষণ আলোচনা সভা
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণকারীরা (ফাইল ছবি)।

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ): "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বৃক্ষ সংরক্ষণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে দেশীয় বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের রোপণ, সঠিক পরিচর্যা, বনজ সম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সুরক্ষায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করা হয় সভায়।

আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা, সুশীল সমাজ ও অংশীজনদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে আনুষ্ঠানিকভাবে ‘বৃক্ষমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন