মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪৫) নামে এক টিন মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি ক্লাবপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর এনামুল হক ক্লাবপাড়া এলাকায় জনৈক মিঠুর দোকানের টিনের চাল বাঁধার কাজ করছিলেন। এসময় চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন। আহত মনোয়ারা খাতুন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জান্নাত/সকালবেলা