প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির, মোংলায় গ্রেপ্তার ১

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির, মোংলায় গ্রেপ্তার ১

মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ প্রতিমন্ত্রীর নাম-পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল এবং স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান টুকু হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর পরিচয় ভাঙিয়ে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে টুকুকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ভুয়া সিল ও প্যাড ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রভাব খাটানোর চেষ্টা করে আসছিলেন।

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন