আকস্মিক ঝড়ে পদ্মায় ডুবেছে অর্ধশত নৌকা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
আকস্মিক ঝড়ে পদ্মায় ডুবেছে অর্ধশত নৌকা

বিশেষ প্রতিনিধি: আকস্মিক ঝড়ে রাজশাহীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে নোঙর করা ও চলাচলরত অন্তত ৫০টি নৌকা ডুবে গেছে। এ সময় দ্রুত তীরে উঠতে গিয়ে হুড়োহুড়িতে আহত হয়েছেন ১০ জনেরও বেশি মানুষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানি বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মাঝিরা জানান, রাতে হঠাৎ করেই দমকা বাতাস শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পদ্মার পানি উত্তাল হয়ে ওঠে। বাতাসের তীব্রতা ও ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কিছু নৌকা পানিতে তলিয়ে যায়। রাতের অন্ধকার ও প্রবল বাতাসের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়। দুর্ঘটনার শিকার অনেকেই সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন আহত হন।

রাজশাহীর ঐতিহ্যবাহী টি-বাঁধ এলাকায় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী নৌকাভ্রমণে আসেন। স্থানীয়দের অভিযোগ, সেখানে পর্যাপ্ত লাইফ জ্যাকেটের অভাবসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি রয়েছে।

এদিকে স্থানীয়ভাবে কেউ কেউ বিষয়টিকে ‘জলোচ্ছ্বাস’ আখ্যা দিলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর। তিনি জানান, সমুদ্র উপকূল থেকে রাজশাহী বহুদূরে হওয়ায় এখানে জলোচ্ছ্বাসের সুযোগ নেই। মূলত আকস্মিক তীব্র ঝড়ের বাতাসের তোড়েই ঢেউ উঠে নৌকাগুলো ডুবে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে ডুবে যাওয়া নৌকাগুলো উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ক্ষতিগ্রস্ত মাঝিরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন