দীর্ঘ ২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

এডমিন
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
দীর্ঘ ২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোটাধিকার প্রয়োগ করছেন ব্যবসায়ীরা

জহিরুল হক মিলন ,ফেনী প্রতিনিধি : নানা চড়াই-উতরাই ও দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন। আজ শনিবার সকাল ৯টা থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দীর্ঘ দুই দশক পর এই নির্বাচনকে কেন্দ্র করে ফেনীর ব্যবসায়ী মহলে এক নজিরবিহীন আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের প্রচার-প্রচারণা থেকে শুরু করে বর্তমানের ভোট উৎসব—সব মিলিয়ে পুরো শহর এখন ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সাধারণ ব্যবসায়ীরা বড় সময়ের ব্যবধানে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

সমিতি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২৭টি পদের বিপরীতে দুটি শক্তিশালী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সাবেক সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ও সাধারণ সম্পাদক ফারুক হারুনের নেতৃত্বে একটি প্যানেল ‘মাছ’ প্রতীক নিয়ে লড়ছে। অন্যদিকে, ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মিলন ও বিশিষ্ট সমাজসেবক মুশফিকুর রহমান পিপুলের নেতৃত্বাধীন প্যানেল ‘ছাতা’ প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার ও মো. শাহরিয়ার সজল ম্যাজিস্ট্র্রেরিয়াল দায়িত্ব পালন করছেন। প্রিসাইডিং অফিসার হিসেবে ভোটগ্রহণ তদারকি করছেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. জহির উদ্দিন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিমের নেতৃত্বে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল গণমাধ্যমকে বলেন, “সকাল থেকে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ১ হাজার ৮৬০ জন ভোটার তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।”

ফেনীর সাধারণ ব্যবসায়ীরা একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, দীর্ঘ ২২ বছর পর ভোট দেওয়ার সুযোগ পাওয়া তাদের জন্য বড় একটি বিজয়। তারা এমন একটি নেতৃত্ব প্রত্যাশা করছেন যারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরাসরি কাজ করবে। বিকেল ৪টার পর ভোট গণনা শেষে জানা যাবে আগামীর নেতৃত্বে কারা থাকছেন।

মন্তব্য করুন