সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় ‘বনলতা সুইটস’-এ অভিযান, জরিমানা

সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় ‘বনলতা সুইটস’-এ অভিযান, জরিমানা

জুয়েল রানা, উল্লাপাড়া: মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন যুক্ত করে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘বনলতা সুইটস এন্ড বেকারী’ শাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি দৈনিক সকালবেলা পত্রিকায় বনলতা সুইটসের ওজন কারচুপি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি মিষ্টি বিক্রির সময় প্যাকেটের ওজনও মিষ্টির দামে বিক্রি করে ভোক্তাদের ঠকাচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বনলতা সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি না করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।

একই অভিযানে বাজারের আরও তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে এদিনের অভিযানে ভোক্তা অধিকার আইনে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে ও বাজারে স্বচ্ছতা নিশ্চিতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন