বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নে সরকারি নিয়োগপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার (কাজী) না থাকায় বিয়ে ও নিকাহ রেজিস্ট্রেশন নিয়ে তীব্র জটিলতা তৈরি হয়েছে। এ সুযোগে মোঃ মিজানুর রহমান ও মোঃ জলিলুর রহমান নামে দুই ব্যক্তি কাজী পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে বিয়ে পড়ানো ও নিকাহ রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়নে সরকারি অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার না থাকায় সাধারণ মানুষ প্রায়ই বিভ্রান্তিতে পড়ছেন। বিয়ে পড়ানো ও নিকাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই চক্রটি সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে মোঃ মিজানুর রহমান দাবি করেন, তিনি প্রথমে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে মোঃ জলিলুর রহমান নিয়োগের বিষয়টি নিয়ে মামলা করলেও নিয়োগ বাতিলের কোনো আদেশ তিনি এখনো পাননি। অন্যদিকে মোঃ জলিলুর রহমান জানান, অনিয়মের মাধ্যমে তাঁকে বাদ দিয়ে অন্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করায় তিনি হাইকোর্টে মামলা করেন, যার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে।
বেতাগী উপজেলা কাজী কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেন কাজী জানান, ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নে বর্তমানে সরকারের নিয়োগ দেওয়া কোনো কাজী নেই। প্রথমে মোঃ মিজানুর রহমান নিয়োগ পেলেও পরে মোঃ জলিলুর রহমানের মামলার কারণে মহামান্য হাইকোর্ট নিয়োগ স্থগিত করেন। জেলা রেজিস্টার জানিয়েছেন, হাইকোর্টে মামলা চলমান থাকায় এ মুহূর্তে মন্তব্য করা সম্ভব নয় এবং রায়ের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবিলম্বে বৈধ নিকাহ রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা