মাওনায় রঙিন বাতির আলোয় চলছে সবজি সতেজ দেখানোর প্রতারণা
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা কাঁচাবাজারের পাইকারি আড়তে রঙিন বাতি ব্যবহার করে বাসি ও নিম্নমানের সবজি টাটকা দেখিয়ে বিক্রির অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাওনা চৌরাস্তা কাঁচা বাজার আড়তে সরেজমিনে দেখা যায়, একাধিক সবজির দোকানে ঢেঁড়স, চিচিঙ্গা, কাঁচা মরিচ ও বেগুনের ওপর সরাসরি নীল ও উজ্জ্বল সাদা রঙের বাতি জ্বালিয়ে রাখা হয়েছে। কৃত্রিম আলোর কারণে সবজির অনাকাঙ্ক্ষিত দাগ ও মলিন ভাব ঢেকে গিয়ে সতেজ ও আকর্ষণীয় দেখাচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, রঙিন আলোর নিচে টাটকা মনে করে সবজি কিনে বাড়ি ফেরার পর প্রকৃত চিত্র ধরা পড়ে। ঘরে এনে দেখা যায় সবজির একাংশ পচা, দাগযুক্ত কিংবা অতিরিক্ত পাকা। স্থানীয় ক্রেতা মনির হোসেন ও রমজান আলী জানান, বাজারে স্বাভাবিক আলো না থাকায় সবজির সঠিক মান যাচাই করা সম্ভব হয় না। রঙিন আলোর চটকদারির ফাঁদে পড়ে বেশি দামে নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন তারা।
তবে ব্যবসায়ীদের দাবি, বাজারের অন্ধকার দূর করতেই বাতি ব্যবহার করা হয়। যদিও ক্রেতারা প্রশ্ন তুলেছেন, সাধারণ আলোর পরিবর্তে সবজির ওপর সরাসরি বিশেষ রঙের আলো ফেলার উদ্দেশ্য অসৎ। এ পরিস্থিতিতে মাওনা চৌরাস্তায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার কমিটির নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
এআইএল/সকালবেলা