জাল টাকায় স্বর্ণ কিনতে যাওয়া সেই রুবেল ২ দিনের রিমান্ডে

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
জাল টাকায় স্বর্ণ কিনতে যাওয়া সেই রুবেল ২ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানীতে ভাগ্নির বিয়ের কেনাকাটার অজুহাতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ অলংকার হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকিরকে (৪৬) দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুম্মান খান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বনানী সুপার মার্কেটের ‘মনিমালা জুয়েলার্স’-এ ক্রেতা সেজে প্রবেশ করেন আসামি রুবেল ফকির ও তাঁর সহযোগী আব্দুল্লাহ আল কাফি (৩৭)। তাঁরা ভাগ্নির বিয়ের জন্য প্রায় ২০-২১ ভরি স্বর্ণের গহনা পছন্দ করে বিল করতে বলেন। বিল পরিশোধের সময় রুবেল তাঁর ট্রলি ব্যাগ থেকে ১ হাজার টাকার নোটের বান্ডিল বের করে টেবিলের ওপর রাখেন।

টাকার বান্ডিলগুলো দেখে কর্মচারীদের সন্দেহ হলে পরীক্ষা করে তাঁরা জানতে পারেন সব নোটই জাল। বিষয়টি টের পেয়ে দুই আসামি ট্রলি ব্যাগ ও জাল নোট ফেলে রেখেই পালানোর চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ীদের সহযোগিতায় রুবেলকে হাতেনাতে ধরে গণপিটুনি দেওয়া হলেও অপর সহযোগী আব্দুল্লাহ আল কাফি কৌশলে সটকে পড়েন।

খবর পেয়ে বনানী থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ সময় ট্রলি ব্যাগে থাকা ১ হাজার টাকা মূল্যমানের ৫৮টি বান্ডিলে সর্বমোট ৫৭ লাখ ৫ হাজার টাকার ভুয়া নোট জব্দ করে পুলিশ। এ ঘটনায় দোকান ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, জাল নোট চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে, সহযোগীকে গ্রেপ্তার এবং জাল টাকা তৈরির উৎস খুঁজে বের করতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সিডিএমএসের তথ্যমতে, রুবেল ফকিরের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় জাল টাকা তৈরি, প্রতারণা, মানিলন্ডারিং ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মোট ১৬টি মামলা রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন