দুর্গাপুরে উদ্ধার হওয়া ১৫টি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে দুর্গাপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক আনুষ্ঠানিক কর্মসূচিতে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীর্ঘদিন পর প্রিয় ও প্রয়োজনীয় ফোনটি ফিরে পেয়ে মালিকরা থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল ফোন ফেরত পাওয়া মাসুদা খাতুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “প্রায় দুই মাস আগে রাতের বেলা আমার ঘর থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটি উদ্ধার করে আজ আমাকে ফিরিয়ে দিল।”
আরেক ভুক্তভোগী তাইমুদ্দিন মিয়া বলেন, “প্রায় ৪০ দিন আগে আমার মোবাইল ফোনটি চুরি হয়েছিল। আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আজ ফোনটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত।”
দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার ঘটনায় ৩২ জন ভুক্তভোগী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তথ্যপ্রযুক্তি, আইএমইআই নম্বর বিশ্লেষণ ও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “সাধারণত বাসস্ট্যান্ড কিংবা বিভিন্ন হাট-বাজারে অসাবধানতাবশত মোবাইল হারিয়ে যায় বা চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা থানায় এসে জিডি করার পর আমরা প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করি। যার প্রেক্ষিতে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে সঠিক মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।”
তিনি আরও যুক্ত করেন, “মোবাইল চোরেরা ফোন চুরি করে বন্ধ করে ফেলে এবং পরে তা বিভিন্ন হাত বদল করে তৃতীয় বা চতুর্থ পক্ষের কাছে বিক্রি করে দেয়। তবে আইএমইআই ট্র্যাকিং ও প্রযুক্তির ব্যবহারের ফলে অনেক মোবাইল উদ্ধার করা সম্ভব হচ্ছে। তাই কারও মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার আহ্বান জানাচ্ছি।”
|