গলাচিপায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ
গলাচিপায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জেলেদের মৎস্য চাল বিতরণে ভয়াবহ অনিয়ম, ঘুষ গ্রহণ ও তালিকা জালিয়াতির অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রভাব, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি এবং প্রকৃত জেলেদের বাদ দিয়ে অন্য পেশার মানুষকে তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে প্রকৃত জেলেরা সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

গত ৩০ এপ্রিল চরকাজল ইউনিয়ন পরিষদে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন, চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লার নির্দেশনা উপেক্ষা করে নিজের মনোনীত ব্যক্তিদের চাল বিতরণ করেন। অভিযোগ উঠেছে, ট্যাগ অফিসার মো. সাইদুল ইসলামের উপস্থিতিতে এবং পুলিশের বাধা অমান্য করে এই চাল বিতরণ করা হয়। এতে মাস্টার রোলে থাকা অনেক প্রকৃত জেলে চাল পাননি।

স্থানীয় জেলেদের অভিযোগ, ইউপি সদস্য মনির স্লিপের বিনিময়ে অর্থ আদায় করেছেন। ভুক্তভোগী রবিন মোল্লা জানান, তিনটি স্লিপ পেতে মেম্বারকে ৩ হাজার টাকা দিতে হয়েছে। অন্যদিকে, মোহাম্মদ রফিক ঢালি নামে এক জীবিত জেলের নাম ‘মৃত্যু তালিকায়’ অন্তর্ভুক্ত করে তাকে চাল থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। আমেনা বেগম নামে এক নারী জানান, তাঁর স্বামীর প্রাপ্য ৩০ কেজির ৪ বস্তার স্থলে মেম্বার ১ বস্তা রেখে ৩ বস্তা প্রদান করেছেন।

অভিযুক্ত ইউপি সদস্য মনির হোসেন সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা বলেন, "নিষেধ করা সত্ত্বেও মনির মেম্বার আমাকে না জানিয়ে চাল বিতরণ করেছেন। এটি প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুনবী ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা