লালমনিরহাটে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
লালমনিরহাটে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজাসহ মোছাঃ রুবিনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল কর্নপুর সীমান্তে অবস্থান নেয়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে রুবিনা খাতুনকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে আনুমানিক ৭ হাজার টাকা মূল্যের ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক রুবিনা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, চোরাচালান ও মাদক দমনে বিজিবি আপসহীন। আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর মাদকসহ তাঁকে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা