জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের বোঝা ও পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আমিনা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে অভাব মেটাতে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমান শিপন। তবে প্রবাসে গিয়ে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন, যার ফলে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেন। এদিকে পাওনাদারদের ঋণের চাপ এবং সংসার চালানোর দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন আমিনা। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মোবাইল ফোনে ঝগড়া হতো।

স্বজনদের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক অশান্তি সইতে না পেরেই বৃহস্পতিবার রাতে আমিনা বেগম নিজ ঘরে গলায় ফাঁস দেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রবাসীর স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন