বগুড়ায় ডেঙ্গু ঠেকাতে মাঠে প্রশাসন
বগুড়া প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বগুড়ায় শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে তিন মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সিটি করপোরেশনের চারমাথা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করার পাশাপাশি নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, শুধু অভিযান পরিচালনা নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়, তবেই ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।
এআইএল/সকালবেলা