অন্ধকারে ঘোড়াশাল পৌরসভা, অকেজো অর্ধেক সড়কবাতি
মো নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার ৯টি ওয়ার্ডজুড়ে তীব্র সড়কবাতি সংকট দেখা দিয়েছে। সন্ধ্যা নামলেই পুরো পৌর এলাকা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিন অনুসন্ধানে ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পলাশ বাসস্ট্যান্ড থেকে ঘোড়াশাল বাইপাস এবং ঘোড়াশাল বাস কাউন্টার থেকে ঘোড়া চত্বর পর্যন্ত ৭ কিলোমিটার প্রধান সড়কে প্রায় তিন শতাধিক সড়কবাতি নেই। এ ছাড়া পলাশ সারকারখানা রোড, উত্তর চরপাড়া ও বাংলা জুট মিলসহ বিভিন্ন অলিগলির আরও প্রায় দেড় হাজার বাতি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। অন্ধকারের সুযোগে এলাকায় চুরি, ছিনতাই ও নানা অপকর্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ, নারী ও শিক্ষার্থীরা।
ঘোড়াশাল পৌরসভার সড়কবাতি পরিদর্শক মাহমুদুল হাসান জানান, পৌরসভার মোট ৩ হাজার বাতির মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি নষ্ট। অন্যদিকে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু ওবায়েদ জানান, গত এক-দেড় বছরে পৌরসভার বিভিন্ন রাস্তা ও অডিটোরিয়াম থেকে প্রায় ৪০ লাখ টাকার তার ও বাতি চুরি হয়ে গেছে। বাতি লাগানোর কিছুদিনের মধ্যেই তা চুরি হয়ে যাওয়ায় তাঁরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, চুরির কারণে সমস্যা সৃষ্টি হলেও পর্যায়ক্রমে লাইট সংযোগের কাজ চলছে। মালামাল রক্ষায় তিনি স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান। অনতিবিলম্বে পর্যাপ্ত বাতি স্থাপন ও পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন পৌরবাসী।
এআইএল/সকালবেলা