অপ্রতিমকে পাহাড়ে তুহিনদের খামারে পিটিয়ে হত্যা!

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
অপ্রতিমকে পাহাড়ে তুহিনদের খামারে পিটিয়ে হত্যা!

অনলাইন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোটবাড়ী-শালবন এলাকার চিহ্নিত কিশোর গ্যাং ‘লিডার’ তুহিন হোসেনের (১৯) পরিবারের পাহাড়ের টিলার ওপর থাকা একটি খামারেই অপ্রতিমকে অমানুষিক মারধর করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রধান অভিযুক্ত তুহিনকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামের আরো দুই সন্দেহভাজনকে আটক করা হয়। ঘটনার পর শনিবার রাতেই তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের হারিয়ে যাওয়া মূল্যবান আইফোনটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আইফোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আটক তুহিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার মো. নুরুল আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, 'ফ্লাইং বার্ড' ও 'কিংস অব কোটবাড়ী' সহ বেশ কয়েকটি সক্রিয় কিশোর গ্যাংয়ের ছত্রচ্ছায়ায় থেকে তুহিন এতদিন মোবাইল ও মোটরসাইকেল ছিনতাইসহ পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। স্থানীয় রাজনৈতিক কয়েকজন প্রভাবশালীদের শেল্টারে থাকায় এতদিন ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তুহিনের আগের অপরাধের বিচারের নানা নথি ও ক্ষোভের বিস্ফোরণ দেখা গেছে। এক ভুক্তভোগী আসাদুল্লাহ সোহাগ অভিযোগ করে লেখেন, তার বাইক চুরির ঘটনায় আগে থানা পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেয়নি বরং প্রভাবে তাকে বা বাঁচানো হয়েছিল। পুলিশের ও নেতাদের এই নমনীয়তার সুযোগেই 'চোর তুহিন' আজ 'খুনি তুহিন'-এ রূপ নিয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের পুরো ঘটনা ও তদন্তের অগ্রগতি সম্পর্কিত বিস্তারিত তথ্য রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন জেলার পুলিশ সুপার।

মন্তব্য করুন