অ্যাপসে পরিচয়, বন্ধুত্বের টানে চীন থেকে নাটোরে!

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ
অ্যাপসে পরিচয়, বন্ধুত্বের টানে চীন থেকে নাটোরে!
চীনা তরুণ (ফাইল ছবি)।

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি মোবাইল অ্যাপসে পরিচয় থেকে গড়ে ওঠা বন্ধুত্বের সূত্রে হাজার হাজার কিলোমিটার দূরের দেশ চীন থেকে নাটোরের বড়াইগ্রামে ছুটে এসেছেন এক চীনা যুবক। বিদেশি অতিথির আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ওনাকে একনজর দেখতে স্থানীয় নারী-পুরুষের ভিড় জমে যায়।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর ভাটোপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে পৌঁছান ওই চীনা নাগরিক। তিনি বর্তমানে ওই পরিবারের আতিথেয়তায় অবস্থান করছেন।

জানা গেছে, ভবানীপুর ভাটোপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে ও স্কুলশিক্ষার্থী সাদিয়া খাতুনের সঙ্গে কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই চীনা যুবকের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব তৈরি হলে একপর্যায়ে বাংলাদেশে এসে দেখা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রথমে বিশ্বাস না করলেও পরে পাসপোর্ট ও ভিসার কপি পাঠালে নিশ্চিত হয় পরিবার।

বৃহস্পতিবার তিনি বিমানে ঢাকায় পৌঁছানোর পর সাদিয়ার পরিবারের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওনাকে গ্রহণ করে নাটোরের বড়াইগ্রামের বাড়িতে নিয়ে আসেন।

স্কুলশিক্ষার্থী সাদিয়া খাতুন জানায়, "মোবাইল অ্যাপসে পরিচয়ের পর আমাদের বন্ধুত্ব হয়। সে বাংলাদেশে এসে ঘুরতে চাওয়ায় পরিবার সম্মতি দেয়। সে শুধুই বন্ধু হিসেবে আমাদের বাড়িতে এসেছে।"

সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন বলেন, "চীনা তরুণ আমাদের অতিথি। কয়েকদিন আমাদের এলাকায় ঘুরে-ফিরে তিনি আবার নিজ দেশে ফিরে যাবেন। বিষয়টিকে আমরা শুধুই সৌজন্য সাক্ষাৎ ও বন্ধুত্ব হিসেবে দেখছি।"

জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর জানান, স্থানীয় এক মেয়ের সঙ্গে বন্ধুত্বের সূত্রে চীনা নাগরিক ওই পরিবারে অতিথি হিসেবে অবস্থান করছেন। কয়েকদিন পর তিনি আবার চীনে ফিরে যাবেন।

মন্তব্য করুন