এমপির নির্দেশ অমান্য করে খাল দখল

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ
এমপির নির্দেশ অমান্য করে খাল দখল

মোঃ সাকের খান (মদন, নেত্রকোনা): নেত্রকোনায় স্থানীয় সংসদ সদস্যের নির্দেশ তোয়াক্কা না করে নদী-নালা ও খাল দখলের অভিযোগ উঠেছে। এমনকি খালিয়াজুরীর জলাশয়ে শামুক উত্তোলনেও কাস কালেকশনের নামে অবৈধ চাঁদা আদায়ের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের ভুক্তভোগী ওয়ালিদ মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার দরুন্দা খালটি মদন উপজেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত। গত জুলাই মাসে সরকারি সফরে এসে মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ঘোষণা দেন, দেশীয় মাছের বংশবৃদ্ধিতে এ বছর হাওরাঞ্চলের সব জলমহাল সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এবং কোনো ইজারা দেওয়া হবে না। তবে সেই নির্দেশ অমান্য করে একশ্রেণীর প্রভাবশালী চক্র স্থানীয় ভূমি অফিসের সহায়তায় খালের নিয়ন্ত্রণ নিয়ে শামুক উত্তোলনকারীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছে।

রোববার (২ আগস্ট) সরেজমিনে তথ্য নিতে গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিনিধি পরিচয়দানকারী সৈয়দ আমিনুল হাসান রুজেল জানান, খালের বিষয়ে ব্যবস্থা নিলেও চাঁদা আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। এদিকে মেন্দিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খোরশেদ আলম এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান, "এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন