সীমান্তে বিএসএফের গুলি, দুই বাংলাদেশি গুরুতর আহত
অনলাইন ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন— কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহি উদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে শাহীন (২৮)।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত ভোররাত আনুমানিক ২টার দিকে মহিউদ্দিন ও শাহীন ভারত সীমান্ত পার হয়ে কালিন্দি নদী সাঁতরে কালিগঞ্জের বসন্তপুর ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। সে সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা দুজনই গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।
পরে রাত সোয়া ৩টার দিকে স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
|