মাদকবিরোধী খুতবা: ইমামের ওপর ছাত্রলীগ নেতার হামলা

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
মাদকবিরোধী খুতবা: ইমামের ওপর ছাত্রলীগ নেতার হামলা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর (সোনারাম) কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেওয়ায় মসজিদের ইমাম মুফতী উসমান গনির ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত হামলাকারীর নাম সালেহ আহমদ শান্ত। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে খুতবায় মুফতী উসমান গনি সুদ, ঘুষ, নৈতিকতা এবং সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন। খুতবার একপর্যায়ে তিনি যুবসমাজকে সচেতন করে বলেন, মাদকের ভয়াল গ্রাসে সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। একই সঙ্গে তিনি আফসোস করে বলেন, অনেক যুবক রাত জেগে খেলা দেখলেও যথাসময়ে ফজরের সালাত আদায় করতে মসজিদে আসে না।

মাধবপুর গ্রামের বাসিন্দা আল আমিন সরকার জানান, হুজুর মাদক, সুদ ও বেনামাজিদের নিয়ে যৌক্তিক বয়ান করায় নামাজ শেষে ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান ছাত্রলীগ নেতা শান্ত। রাজনৈতিক পটপরিবর্তনের পর শান্ত এখন ভোল পাল্টে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করছেন বলেও জানান তিনি।

ভুক্তভোগী ইমাম মুফতী উসমান গনি অভিযোগ করে বলেন, “নামাজ শেষে বাড়ি ফেরার পথে শান্ত আমার পথ আটকে দাঁড়ায়। সে দাবি করে, খুতবায় নাকি তাকে উদ্দেশ্য করে এসব কথা বলা হয়েছে। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করতে শুরু করে। পরে স্থানীয় মুসল্লি ও আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করেন।”

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, “ইমাম সাহেব এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। তবে বিভিন্ন মাধ্যম থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। হামলাকারী শান্ত নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন