ডোমারে করলা চাষে কৃষকদের নতুন আশা

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
ডোমারে করলা চাষে কৃষকদের নতুন আশা

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের যাদুর বাঁধ এলাকায় করলা চাষে নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষকরা। অনাবাদি ও কম উৎপাদনশীল জমিতে করলা চাষ করে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ।

স্থানীয় কৃষকরা জানান, যাদুর বাঁধ এলাকার মাটি ও আবহাওয়া করলা চাষের জন্য বেশ উপযোগী। প্রায় দুই বছর আগে কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে করলা চাষ শুরু করেন। ফলন ও বাজারের চাহিদা ভালো থাকায় এবার অন্যান্য কৃষকরাও এ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। নিয়মিত পরিচর্যায় খেত থেকে দীর্ঘদিন করলা তোলা যায় এবং তা স্থানীয় বাজারে বিক্রি করে দ্রুত নগদ অর্থ পাওয়া যায়, যা সংসারের দৈনন্দিন খরচ মেটাতে সহায়তা করছে।

তবে সার, বীজ, কীটনাশক ও সেচসহ উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক মোঃ হাচানুল ইসলাম ও মিজানুর রহমান জানান, মাচা তৈরি ও পরিচর্যায় শুরুতে খরচ হলেও বাজারদর ভালো থাকলে লাভজনক হওয়া সম্ভব। কৃষক হানিফা ও খয়রুল বলেন, বাজারদর অনুকূলে থাকলে আগামীতে আরও বেশি জমিতে করলা চাষের পরিকল্পনা রয়েছে তাঁদের।

কৃষকদের দাবি, সরকারিভাবে মানসম্মত বীজ, সার প্রদান এবং আধুনিক কৃষি প্রযুক্তির পরামর্শ দেওয়া হলে উৎপাদন ব্যয় কমবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে উৎপাদিত করলার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি বিভাগের কার্যকর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় চাষিরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন