দিনাজপুরে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ণ
দিনাজপুরে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে ৪২ বিজিবির পৃথক পাঁচটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক কারবারিকে আটক করা হয়েছে।

অভিযানে ভারতীয় মদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোট ১ লাখ ৯০ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে বিরল উপজেলার কইকুরি এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এনায়েতপুর বিওপি। এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোটডাঙ্গী ঘাট এলাকা থেকে ২৬ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও মোবাইলসহ শামীম আকতার (২৬) নামে এক যুবককে আটক করে গোবিন্দপুর বিওপি।

এ ছাড়া চাপসার, চান্দুরিয়া ও দানাজপুর বিওপির পৃথক অভিযানে ভাতুরিয়া, চান্দুরিয়া এবং দস্তমপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, আটক আসামিকে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সীমান্তে মাদক প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা