সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে চিকিৎসাসেবা পেলেন ১৭ রোগী

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে চিকিৎসাসেবা পেলেন ১৭ রোগী

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক অঞ্চলে বাঘাইহাট জোনের উদ্যোগে উন্নত চিকিৎসার অংশ হিসেবে ১৭ জন চক্ষুরোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের এসব রোগীকে উন্নত চক্ষু ছানি ও বিশেষায়িত চিকিৎসার জন্য চট্টগ্রামের লায়ন্স হসপিটালে পাঠানো হয়।

বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, সাজেক ও পার্শ্ববর্তী প্রত্যন্ত এলাকার পাহাড়ি ও বাঙালি বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চক্ষুরোগে ভুগছিলেন। ভৌগোলিক দুর্গमता ও আর্থিক সংকটের কারণে তাঁদের পক্ষে শহরে গিয়ে চিকিৎসা গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে বাঘাইহাট জোন প্রথমে স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করে। পরবর্তীতে সেখান থেকে গুরুতর ১৭ জন রোগীকে চিহ্নিত করে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।

বিনামূল্যে উন্নত চিকিৎসার এই সুযোগ পেয়ে বাঘাইহাট জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান, পিএসসি জানান, দুর্গম ও সীমান্তবর্তী এলাকার মানুষের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন