অটো চুরি সিন্ডিকেটে বিপুল সম্পদ আশরাফুলের
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের বাইপাস এলাকায় রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে নাপিত থেকে অটো চুরির টাকায় কোটিপতি হওয়া আশরাফুল আলমের বিরুদ্ধে উঠে এসেছে বিস্ফোরক তথ্য।
অনুসন্ধানের দ্বিতীয় পর্বে দেখা গেছে, সাধারণ সেলুন কর্মী থেকে তিনি এখন জেনারেটর ও অটোরিকশা চুরির সুবিশাল সিন্ডিকেটের মূলহোতা। ঢাকা ও আশপাশের এলাকা থেকে প্রতিদিন গড়ে ৫-৭টি অটোরিকশা চুরি করে রঙ ও চেসিস নম্বর বদলে প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করাই তাঁর মূল ব্যবসা। চুরির টাকায় নামে-বেনামে একাধিক বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট, দামি গাড়ি ও কোটি কোটি টাকার জমি কিনেছেন তিনি।
তথ্য গোপনে শেরপুর ও জামালপুরে আগের স্ত্রী-সন্তান থাকার পরও গাজীপুরে আরও ৪টি বিয়ে করেন তিনি। এমনকি এক রাজমিস্ত্রির স্ত্রীকে ফুসলিয়ে এনে বিয়ে ছাড়াই অবৈধভাবে সংসার করার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া চড়া সুদে ঋণ দিয়ে চক্রবৃদ্ধি হারে টাকা আদায় এবং টর্চার সেল বানিয়ে ভুক্তভোগীদের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।
রাজনৈতিক প্রভাবশালী ও অসাধু পুলিশ কর্মকর্তাদের মোটা অংকের মাসোহারা দিয়ে তিনি এই অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখতেন। সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে আশরাফুল আলমের গ্রেপ্তারসহ অবৈধ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেছেন।
এআইএল/সকালবেলা