সীতাকুণ্ডে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো: জাহিদুল ইসলাম রুমন, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া ও ধর্মপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের ভয়াল থাবা কোমলমতি শিশুদের ওপরও প্রভাব ফেলছে। নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের জোর দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, "আমরা তো গ্রামের সবাইকে চিনি না, আপনারা চেনেন—কে মাদক কারবারি আর কে সেবনকারী। আপনারা তাদের শনাক্ত করতে পারলে আমাকে জানাবেন। আমার মোবাইল দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে, মিসড কল দিলেও কল ব্যাক করব। পুলিশ পৌঁছাতে ২-৪ মিনিট সময় লাগলেও আপনারা তাদের ধরে রাখবেন। এছাড়া এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করলে চোখ রাখুন এবং খোঁজ নিন। এ ধরনের সচেতনতা বজায় রাখতে পারলেই আমরা সফল হব।"

নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং কামরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় দারোগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সনাতন ধর্ম পরিচালনা কমিটির সভাপতি পলাশ দে, আলম লায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেপাল দে, কলাবাড়িয়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, ছোটা দারোগার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও পশ্চিম ধর্মপুর সমাজ পরিচালনা কমিটির সভাপতি ডা. আনোয়ার হোসেন, পূর্ব ধর্মপুর গ্রামের তরুণ সমাজসেবক আলমগীর হোসাইন এবং ছাত্র প্রতিনিধি জিহাদ হোসেন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষ অংশ নিয়ে মাদকমুক্ত সীতাকুণ্ড গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন