মোরেলগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ঘর ভেঙে ফেলার অভিযোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সমাজসেবা কার্যালয়ের আওতাধীন প্রকল্প (ইডিএম) অফিস ঘর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য গফফার খানের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পলিটিক্স মোড়সংলগ্ন এলাকায় থাকা পরিত্যক্ত সরকারি স্থাপনাটি প্রকাশ্য নিলাম বা টেন্ডার ছাড়াই ভেঙে ফেলা হয়েছে। কয়েকদিন ধরে টিন, ইট, কাঠ ও বাঁশসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দা নয়ন জমাদ্দার অভিযোগ করে বলেন, সাবেক মেম্বর গফফার খান লোকজন নিয়ে সরকারি ঘরটি ভেঙে মালামাল তাঁর বাড়িতে নিয়ে গেছেন। সেই সঙ্গে আঙিনায় থাকা সরকারি গাছ কাটারও চেষ্টা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।
তবে সব অভিযোগ অস্বীকার করে গফফার খান জানান, টিনগুলো যেন বেহাত না হয়, সেজন্য তা গুছিয়ে তিনি স্থানীয় একটি মসজিদে রেখে দিয়েছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস বলেন, "খবর পেয়ে আমি নিজে এলাকা পরিদর্শন করেছি এবং ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী স্থাপনাটি টেন্ডার প্রক্রিয়ার আওতায় আনা হবে।"
এআইএল/সকালবেলা