জামালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় বিলে এবং বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর অত্যন্ত করুণ মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে পৃথক দুটি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। অবুঝ দুই শিশুর এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জে পানিতে ডুবে মৃত শিশুর নাম মো. আলী (২)। সে উপজেলার গাজীপাড়া এলাকার সুজা আলীর ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীপাড়া সংলগ্ন সিংগিডোবা বিলে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আঙিনায় আপনমনে খেলছিল শিশু আলী। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সিংগিডোবা বিলে আলীর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, আজ সকাল ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলায় বাড়ির সামনে জমাকৃত গর্তের পানিতে ডুবে মারা গেছে দেড় বছর বয়সী এক শিশু। নিহত শিশুর নাম ইয়ামিন। সে উপজেলার বেতেগা বড় বাড়ি এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ঘরবাড়ির কাজের প্রয়োজনে বসতভিটার উঠানের পাশেই একটি গভীর গর্ত করে মাটি তোলা হয়েছিল। গত কয়েকদিনের কালবৈশাখীর ভারী বৃষ্টিতে সেই গর্তে প্রচুর পানি জমে ছিল। আজ সকালে বাড়ির উঠানে সবার চোখ ফাঁকি দিয়ে খেলছিল ইয়ামিন। কিছু সময় পর তাকে উঠানে না দেখে খোঁজাখুঁজির পর ওই গভীর গর্তের পানিতে ভাসতে দেখেন বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গর্তের পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা