নোয়াখালী কারাগারে চুরি মামলার আসামির মৃত্যু
মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা কারাগারে চুরির মামলায় বন্দি মো. হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনরা চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন।
মৃত হাজতি হুমায়ুন কবির জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। জানা গেছে, গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। শুক্রবার জুমার নামাজের আগে হুমায়ুন কবির হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করলে কারা মেডিক্যালে তাঁর প্রাথমিক পরীক্ষা ও ইসিজি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
মৃতের স্বজনদের অভিযোগ, কারাগারে অসুস্থ হওয়ার পর যথাসময়ে উন্নত চিকিৎসা না দিয়ে অবহেলা করায় তাঁর মৃত্যু হয়েছে। তবে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক এই অভিযোগ অস্বীকার করে বলেন, “উক্ত হাজতি গ্রেপ্তারের আগে বাইরে ‘পাবলিক অ্যাসাল্ট’ বা গণপিটুনির শিকার হয়েছিলেন, যার আঘাতের চিহ্ন কারাগারে আনার সময়ই দেখা গেছে। কারাগারে অসুস্থ হওয়ার সাথে সাথে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে দ্রুত জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।”
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে একই দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা